৫০ বছর পরও আমরা স্বাধীন নই: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজনৈতিক অর্জন হচ্ছে, ৫০ বছর পরও আমরা স্বাধীন নই।’

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।

 

এ সময় বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ দুর্ভাগ্যজনকভাবে ৫০ বছর পরও আমাদের গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি। আমরা বারবার এটা বলেছি, আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে, জোর করে ক্ষমতায় রয়েছে। জনগণের সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। এ জন্য দেশের মানুষ স্বাধীন, এ কথা বলতে পারি না। আমাদের স্বাধীনতা বিপন্ন। আমরা শৃঙ্খলিত হয়েছি।’

 

‘ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। আজকে ঢাকা শহরের যে অবস্থা, তা আমাদের কারও কাম্য নয়। সারা শহর দেখে মনে হচ্ছে অঘোষিত কারফিউ এর মতো অবস্থা। জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে বাদ দিয়েই সরকার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।’

 

এ সময় হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে আজকে যারা আমরা দাঁড়িয়ে আছি, তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ৫০ বছর পর বাংলাদেশের এই চেহারা দেখতে হবে, তা আমরা ভাবিনি।’

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ সন্দেহ নেই। ১৯৭১ সালে সহযোগিতা করেছে সন্দেহ নেই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুই দেশের যে অমীমাংসিত বিষয়—বিশেষত কোটি মানুষের সঙ্গে সম্পর্কিত পানি, তিস্তানদীর পানি ও অভিন্ন নদী সমস্যার সমাধান হয়নি।

 

বারবার বলা হয়েছে তিস্তার পানি নিয়ে, ১০ বছর আগেও তারা বলেছে সমাধান করবে, কিন্তু করেনি। অথচ, একতরফাভাবে ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *