নজর২৪, সিলেট- ঢাকা ও চট্টগ্রামের মুসল্লিদের ওপর পুলিশী হাম-লার প্রতিবাদে এবং মোদির আগমন প্রত্যাখান করে সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতা।
শুক্রবার বাদ আসর নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে থেকে বিক্ষোভ মিছিল সহকারে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। কিন্তু পুলিশ মুসল্লিদের উপর হামলা করে জাতীয় মসজিদকে অপবিত্র করেছে। মসজিদকে করা হয়েছে রক্তে-রঞ্জিত। এই অবস্থা বাংলার মানুষ সয্য করতে পারে না।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজ জীবিত থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেভাবে ভারতের মুসলমানের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে তাকে বাংলাদেশে আমন্ত্রণের স্বীকৃতি দিতেন না। গোটা বাংলাদেশকে কলুষিত করার জন্য মোদিকে আনা হয়েছে।
জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, জেলাসহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, মুফতী ফয়জুল হক জালালাবাদী প্রমুখ।
