নজর২৪ ডেস্ক- বিশ্বে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চীন। বাংলাদেশ আছে ৪৫ নম্বরে। ভারতের অবস্থান চতুর্থ এবং মিয়ানমারের ৩৮তম।
বিভিন্ন দেশের সেনাবাহিনীর শক্তি নিয়ে পরিচালিত নতুন এক সমীক্ষায় এ চিত্র পাওয়া গেছে। সমীক্ষাটি চালায় প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। রোববার প্রকাশিত হয়েছে তাদের ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা চূড়ান্ত সামরিক শক্তি সূচকটি।
সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এসেছে চীন। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করলেও যুক্তরাষ্ট্র (৭৪ পয়েন্ট) আছে দ্বিতীয় স্থানে। রাশিয়া আছে তালিকার তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। ভারতের পরে থাকা ফ্রান্সের পয়েন্ট ৫৮। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে যুক্তরাজ্য। এক সময়ে বিশ্বের পরাশক্তি যুক্তরাজ্য এখন ভারতের বেশ পেছনে।
‘আল্টিমেট মিলিটারি স্ট্রেন্থ ইন্ডেক্স’ বা সামরিক শক্তি সূচক হিসেবে প্রত্যেকটি দেশকে ০ থেকে ১০০–এর মধ্যে নম্বর দেয়া হয়, যার ভিত্তিতেই তৈরি হয় ওই তালিকায়।
রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর সামরিক খাতে আমেরিকার ব্যয়ের পরিমাণ ৭৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। চীনের সামরিক খাতে বাজেট বরাদ্দ ২৬ হাজার ১০০ কোটি ডলার এবং ভারতের ৭১ বিলিয়ন মার্কিন ডলার।
