নজর২৪ ডেস্ক- সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা রোববার বিকেল সোয়া ৪টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। এর মধ্যে স্বাধীনসহ ৩০ জনকে আদালতে নেয়া হয়।
পরে স্বাধীনকে ১০ দিন ও অন্যদের পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। বিচারক আগামীকাল এই রিমান্ড শুনানির দিন ঠিক করেন।
এর আগে ১৯ মার্চ শুক্রবার ভোর রাতে ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে শনিবার ভোর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরে গতকাল ২০ মার্চ শনিবার স্বাধীন মিয়াকে শাল্লা থানার পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ রোববার দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে শনিবার ভোরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার এ নিয়ে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, গত বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি সংখ্যালঘু বাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার লুট হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন।
