অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলের নাগরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার বিকেলে উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, একই উপজেলার মৃত ফজলুল হকের ছেলে সোহেল (৩৭) এবং মানিকগঞ্জের সনকা বরাইত এলাকার মৃত নাজির মোল্লার ছেলে ছলিমুল্লাহ (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে নাগরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
