খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস, প্রজ্ঞাপন জারি

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বাড়ানো এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করা আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে খালেদা জিয়ার দণ্ডাদেশ শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে। ২৫ মার্চ থেকে পরবর্তী ছয় মাসের জন্য দণ্ড স্থগিত থাকবে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় নিজ বাসায় চিকিৎসা গ্রহণ এবং বিদেশে না যাওয়ার শর্তে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এরআগেও খালেদা জিয়ার জামিনের শর্তে একই কথা বলা হয়েছিল।

 

এরআগে, ৩ মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন জানান তার ছোট ভাই শামীম ইসকান্দার। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাতে স্বাক্ষর করে সচিবের দফতরে পাঠান।

 

সে সময় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবে সরকার। পরিবারের পক্ষ থেকে করা আবেদনে দণ্ড মওকুফের পাশাপাশি খালেদা জিয়ার জামিনের শর্ত শিথিলেরও আবেদন করা হয়েছে।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এই মামলায় বন্দি থাকাকালেই তার বিরুদ্ধে হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা। এ মামলায় সাত বছরের কারাদণ্ড পান বিএনপি নেত্রী। আগের মামলায় হাইকোর্টে আপিল করার পর সাজা হয় দ্বিগুণ। ফলে মোট ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার।

 

২০২০ সালের মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছয় মাসের জন্য স্থগিত হয় খালেদা জিয়ার দণ্ড। এরপর গত বছরের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান খালেদা জিয়া। ছয় মাস শেষ হওয়ার আগেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

 

সাময়িক মুক্তির পর এখন খালেদা জিয়া গুলশানে তার বাসভবন ‘ফিরোজায়’ রয়েছেন। তার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২৫ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *