Home আলোচিত প্রধানমন্ত্রীর দেখা পেতে সড়কে ‘নৌকা’ চালিয়ে আসছেন ইউসুফ

প্রধানমন্ত্রীর দেখা পেতে সড়কে ‘নৌকা’ চালিয়ে আসছেন ইউসুফ

0
106

নজর২৪ ডেস্ক- চার চাকার পরিবহনটি নৌকার আদলে তৈরি। নাম জলডাঙা মুজিব পরিবহন। যেখানে আছে বাসের মতো স্টিয়ারিং ও পানিতে চলার জন্য দুটো পাখা। অর্থাৎ পরিবহনটি চলবে জলে-স্থলে উভয় পথেই।

 

তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উভচর পরিবহনটি তৈরিতে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা। উদ্দেশ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যতিক্রমী একটি উপহার দেওয়া।

 

নৌকাটির কারিগর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্বচর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইউসুফ। উভচর ধরনের নৌকাটি তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। আগামী ১৭ মার্চ সড়কপথে যাত্রী নিয়ে রামগতির চরকলাকোপা গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন ইউসুফ। ব্যতিক্রমী এ নৌকাটি দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার মানুষ।

 

জানা গেছে, চার চাকাবিশিষ্ট নৌকাটিতে বসার জন্য রয়েছে ২৪টি সিট। জাতীয় পতাকার লাল-সবুজ রঙ দিয়ে সাজানো। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও আঁকা রয়েছে। এ নৌকায় ওঠার জন্য উড়োজাহাজের আদলে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এতে গিয়ার, ফলোক্যামেরা, হেডলাইট, ইন্ডিকেটর, এসি ফ্যান, হর্ন এবং মিটার বোর্ডও রয়েছে। আছে দৃষ্টিনন্দন ডিজাইনের ছাউনিও।

 

কারিগর মো. ইউসুফ জানান, জলডাঙা মুজিব পরিবহনটি বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসার প্রতীক। প্রায় ১৫ লাখ টাকায় তিনি নিজেই এ নৌকা বানিয়েছেন। ১৭ মার্চ সড়কপথে প্রধানমন্ত্রীকে উপহারটি দিতে তিনি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তার প্রবল ইচ্ছে— প্রধানমন্ত্রী তার নৌকায় চড়বেন অথবা অন্তত একবার হাত দিয়ে ছুঁয়ে দেখবেন।

 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন জানান, ইউসুফ আমার কাছে এসেছে। নৌকার ছবি দেখিয়েছে। আগামী ১৬ তারিখে নৌকাটি জেলা প্রশাসককে দেখাব। নৌকাটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উপযোগী হলে আমরা তাকে সহযোগিতা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here