গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে নায়ক-সাংসদ ফারুক

বিনোদন ডেস্ক- করোনাকালের প্রায় পুরোটাজুড়েই শরীরের নানা জটিলতার মধ্যে কেটেছে নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের। এরমধ্যে দেশ-বিদেশে চিকিৎসার কোনও ত্রুটি ছিলো না।

 

৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। এতোদিন স্বাভাবিক থাকলেও শনিবার (১৩ মার্চ) সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

শনিবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতার ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রুম্পা।

 

তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না।

 

ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

 

চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।

 

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *