নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের গোপালপুরের অজ্ঞাত সেই বৃদ্ধ (৭০) অবশেষে মারা গেছেন। শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের কোনোভাবেই প্রেসার কমছিল না। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গোপালপুর থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছিল। তারপরও তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে ওই বৃদ্ধের মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।
এর আগে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রিজে শুয়ে কাতরাচ্ছিলেন অসুস্থ ওই বৃদ্ধ। ৫-৬ দিন বিনা চিকিৎসায় পড়ে থাকলেও কোনো উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃদ্ধের এমন চিত্র দেখে স্থানীয় সাংবাদিক কেএম মিঠু একটি ছবি তুলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ‘আমরা গোপালপুরবাসী’ নামে ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পরে বিষয়টি নজরে এলে বিকেলে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চলে তার চিকিৎসা।





