বগুড়ায় শিক্ষা প্রনোদনা পেতে প্রত্যয়নের নামে টাকা নেয়ার অভিযোগ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের প্রনোদনা পাওয়ার জন্য বিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র দিতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেনের বিরুদ্ধে।

 

জানা যায়, একটি ওয়েব সাইটে কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষে অনলাইনে আবেদন করতে বলা হয়।

 

এর কতটুকু সত্যতা আছে তা কেউ জানেনা। আর এ কারণে প্রয়োজন হয় প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র। এরই প্রেক্ষিতে উপজেলার সকল বিদ্যালয়ে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়।

 

আর এই সুযোগেই ফায়দা লুটতে প্রস্তুত কিছু অসাধু ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রধানরা। এরই ফলশ্রুতিতে উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রত্যয়নপত্র দেয়ার কথা বলে ছাত্র প্রতি ১০০ থেকে ১২০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে।

 

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক ১০০ টাকা নিয়ে প্রত্যয়নপত্র দিয়েছে। টাকা না দিলে অনুদানের অর্থ পাওয়া যাবেনা বলে আমাদের কাছ থেকে এ টাকা নিয়েছে।

 

এ প্রসঙ্গে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. রাজু বলেন, প্রত্যয়ন পত্র নেয়ার কথা বলে কোন টাকা নেয়া হয়নি। তবে অনলাইনে আবেদন করার কথা বলে ১০০ টাকা করে নেয়া হয়েছে।

 

এ ব্যাপারে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন বলেন, আমি কোন টাকা নেইনি। অফিসের দপ্তরী রাজু কিছু টাকা নিয়েছে বলে আমার কাছে খবর এসেছে।

 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক বলেন, প্রত্যয়ন পত্র দেয়ার কথা বলে টাকা নেয়ার কোন বিধান নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকেন তাহলে ভুল করেছেন। এই সকল বিষয়ে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *