নজর২৪, ঢাকা- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাগিদ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আইনটি বাতিলের দাবি ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শনিবার (০৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই তাগিদ দেন।
আইন বাতিল চেয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলছি, আপনি এই ডিজিটাল আইনটির অবশ্যই কবর দিয়ে দেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার মঙ্গল চাই। আমরা আপনাকে জীবিত দেখতে চাই। আপনাকে সম্মান করতে চাই। তাই আপনি গোয়ার্তুমি না করে, আপনার উজবুক মন্ত্রীদের কথা না শুনে, এই আইনটি বাতিল করেন।
করোনাভাইরাসে ভ্যাকসিন গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই, শেষ মুহূর্তে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, তার মদদে উনি সাহস করে টিকা গ্রহণ করেছেন। যে করোনা টিকা এতদিন নেওয়ার আহ্বান জানাচ্ছিলাম, সেটা উনি এতদিন নেননি।
গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি আরও বলেন, যে তথ্যগুলো উনি (প্রধানমন্ত্রী) প্রকাশ করেননি, সেটা হলো এই টিকা কোন টিকা? এটা কি অ্যাষ্ট্রোজেনেকার টিকা নাকি ভারতীয় উৎপাদিত কোনো টিকা। নাকি জনগণ যে টিকা পেয়েছে সে টিকা।
কিশোর ও মুশতাকের বিষয় টেনে তিনি বলেন, একটা কার্টুনিস্ট কার্টুন এঁকে ব্যঙ্গ করে দেশের কী ক্ষতি করতে পারে? তাকে ১০ মাস জামিন দেননি। লেখক মুশতাক আহমেদের কথা আপনারা বলছেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু কাউকে যদি আপনারা চিকিৎসা না দেন তাহলে সেটাকে কি স্বাভাবিক মৃত্যু বলা যাবে?
দেশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জয়শঙ্কর এসেছেন। সেই গৎবাঁধা কথা বলছেন, বিনা বিচারে মারা হবে না। কিন্তু ফেলানীর বিচার কি করেছে? প্রতি সপ্তাহের সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আজকে কানেক্টিভিটি মানেটা কি? গুজরাটের পণ্য আসামে যেতে পারে না, সেটা আমার ওপর দিয়ে যাবে সুলভে। আর আমরা আমাদের বুকের রক্ত দিয়ে করা দেশটা তাদের জন্য ছেড়ে দেব।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আমীন, এনডিপির মহিলা ঐক্যের সভাপতি জান্নাতুল ঐশী প্রমুখ।
