শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে চার দোকান ও গ্রামীণ ফোন অফিসে চুরি করে চোরেরা। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে নান্দাইল উপজেলার সামনে গার্লস স্কুল মার্কেটের তাসীন কনফেকশনারি, টিকলী স্টোর, মিলন স্টোর ও ফজলুর রহমানের ফার্মেসীর টিনের চাল কেটে ভিতরে ঢুকে চুরি করে চোরেরা।
নগদ টাকা ও মালামালের মধ্যে বেশিরভাগ সিগারেট নিয়েছে বলে জানান দোকানদাররা। এতে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে চন্ডীপাশা নতুন বাজার এলাকায় গ্রামীণ ফোনের অফিসের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে ওই অফিসের ব্যবস্থাপক আতিকুর রহমান হিমেল জানান, এতে নগদ টাকা ও ক্যাশ কার্ড সহ প্রায় সাড়ে সাত টাকার মালামাল নিয়েছে।
