শ্রীমঙ্গলে নিজস্ব মাতৃভাষার বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেল তাদের নিজস্ব মাতৃভাষার বই।

 

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা সংরক্ষণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে এসব বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

 

শ্রীমঙ্গল উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত খাসিয়া, মনিপুরী, সাদ্রি, গারো ও ত্রিপুরা নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এই বইগুলো বিতরণ করা হয়েছে।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলে শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ রয়েছেন। তাদের অনেকের ভাষা ইতিমধ্যে হারিয়ে গেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকা পরিদর্শনকালে সেসব হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

 

তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে ওইসব জাতিগোষ্ঠীর ভাষা সম্বলিত বই সংগ্রহ করেন এবং নতুনভাবে তাদের পড়ার উপযুক্ত করে বই ছাপানো হয় বলে জানান।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *