নজর২৪ ডেস্ক- সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও আনিস আহমেদকে যাবজ্জীবন সাজা থেকে অব্যাহতি দেয়ার ক্ষেত্রে আইনের কোনো লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এর আগে মগবাজারের ওয়ারলেস এলাকায় নজরুল শিক্ষালয় নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
৪০১ ধারায় আসামি হারিছ ও আনিসের সাজা মওকুফ করার বিষয়ে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না? স্পর্শকাতর বিষয়টি এতদিন কেন গোপন রাখা হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৪০১ ধারার সকল নিয়ম মেনেই দুই আসামিকে সাজা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের পরিবারের পক্ষ থেকে যথাযথ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।’ তবে আসামিদের পক্ষ থেকে কে এই আবেদন করেছেন সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ‘লুকোচুরি’ নেই দাবি করে তিনি বলেন, ‘এটা নিছক কমিউনিকেশন গ্যাপ। এই ধারার বিষয়ে ইতিমধ্যেই আইনমন্ত্রী সহজ বিশ্লেষণ দিয়েছেন। সে জায়গা থেকে এ প্রশ্নের জবাব আপনারা আগেই পেয়েছেন।’
হারিছকে যদি ক্ষমাই করা হয়, তাহলে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় তার নাম কেন এখনো দৃশ্যমান? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়ে যাবে।’
জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ ও হারিছ আহমেদকে নিয়ে সম্প্রতি আল-জাজিরায় এক প্রতিবেদন প্রকাশের পর সেনাবাহিনী জানিয়েছিলো যে সেনাপ্রধানের ভাইয়েরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।
তারা দুজনেই হত্যা মামলার আসামি ছিলেন। আল জাজিরা তাদের প্রতিবেদনে ওই দু’জনকে পলাতক হিসেবে উল্লেখ করেছিলো।
এ বিষয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও ঢাকায় আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
আল জাজিরার প্রতিবেদনে বিদেশে তার ‘পলাতক’ ভাইদের সাথে দেখা করা এবং বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোন সাজা ছিল, না তার বিরুদ্ধে কোন মামলা ছিল।”
“তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।”
