আল জাজিরার জন্য আমার খুব কষ্টঃ তথ্যমন্ত্রী

নজর২৪ ডেস্ক- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সম্প্রতি প্রচারিত প্রতিবেদন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আল জাজিরার রিপোর্টের নিরপেক্ষতা-বস্তুনিষ্ঠটা, একইসঙ্গে তাদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্রশ্ন যে আজ উঠেছে তা নয়, এ প্রশ্ন বহুবার উঠেছে। বহু দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। এমনকি ভারতেও বন্ধ। এখনো অনেক দেশে বন্ধ রাখা হয়েছে। আল জাজিরার জন্য আমার খুব কষ্ট, এই রিপোর্ট দেওয়ার পর তারা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ প্রশ্নের সম্মুখীন হয়েছে। তাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রচণ্ডভাবে লোপ পেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে।

 

তথ্যমন্ত্রী বলেন, শিরোনাম দেওয়া হয়েছে অল আর দ‌্য প্রাইম মিনিস্টার ম্যান- আর ভেতরের প্রতিবেদন হচ্ছে সেনাপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে। প্রতিবেদনটি দেখে মনে হয়েছে এটি ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে। এই ব্যক্তিগত আক্রোশ থেকে করা রিপোর্ট, আল জাজিরার মতো একটা টেলিভিশনে যখন হয়, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কিন্তু কমেছে। বিশ্বব্যাপী আল জাজিরার প্রতিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে।

 

আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, অন্যান্য দেশে যেভাবে টিভি চ্যানেল বন্ধ করা হয় আমাদের দেশে চাইলে সেভাবে বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। কারণ আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু অবাধ স্বাধীনতায় বিশ্বাস করলেও সব গণমাধ্যমের নিজস্ব একটি দায়িত্ব থাকে। আল জাজিরা এক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা একটি পক্ষ হয়ে এবং সম্ভবত একটি পক্ষের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি এটির সঙ্গে আরও বহু পক্ষ যুক্ত আছে।

 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আল জাজিরার বিরুদ্ধে এখনও আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তবে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায় সেক্ষেত্রে আদালত থেকে যদি কোনো নির্দেশনা পাই, তাহলে আদালতের নির্দেশনা অবশ্যই আমরা পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *