Home জাতীয় জিয়ার খেতাব প্রত্যাহার করতেই হবে, কেউ ঠেকাতে পারবে না: নানক

জিয়ার খেতাব প্রত্যাহার করতেই হবে, কেউ ঠেকাতে পারবে না: নানক

0
67

নজর২৪ ডেস্ক- সব ষড়যন্ত্র রুখে দিতে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে প্রতিরোধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ বিএনপি সরকারের ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের নিন্দা ও প্রতিবাদ সমাবেশে’ দলের কেন্দ্রীয় নেতারা এ আহ্বান জানান।

 

সমাবেশে বিএনপির দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

 

নানক বলেন, ‘৭৫-এর পর জিয়াউর রহমান দেশে যা করেছিল, তা কখনও স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। বরং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। দেশে স্বাধীনতাবিরোধী কাজ করেছে বলেই তার খেতাব বাতিল এ মুহূর্তে আবশ্যক। তাই জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার করে নিতেই হবে, কেউ ঠেকাতে পারবে না।’

 

উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিয়ানমারে অং সান সুচির সম্মাননা খেতাব যদি বাতিল হতে পারে, খুনি জিয়াউর রহমানের খেতাব কেন বাতিল হতে পারবে না?’

 

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে যেমন রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশের শত্রুরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে বলেই তাদের বক্তব্যে বোঝা যায়।’

 

তিনি এ সময় আল-জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনকেও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তাদের অসত্য বানোয়াট রিপোর্ট এই দেশ ও বিশ্বের মানুষ গ্রহণ করেনি এবং আল-জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।’

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। কারণ, দেশের মানুষ শেখ হাসিনার পাশে রয়েছে। তিনি আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ না হলে দেশের মানুষ করোনার মধ্যে যোগাযোগ করতে পারতো না। আর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ফল বিএনপির নেতাকর্মীরাও ভোগ করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here