‘ব্যালট পেপার ছিনিয়ে নৌকায় সিল’, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নজর২৪, চাঁদপুর- চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপি, জাল ভোট, ব্যালট পেপার ছিনিয়ে নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইমাম হোসেন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নির্বাচনী পরিচালনা অফিসে সাংবাদিক সম্মেলনে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তারা প্রতিকারের ব্যবস্থা না করে আমাকে বাড়ি চলে যেতে বলেছেন। আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।

 

তিনি আরও বলেন, আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। প্রশাসন আমাকে যে আশ্বাস দিয়েছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার। কিন্তু তার কোনও কিছুই হয়নি। ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

 

ইমাম হোসেন বলেন, নৌকার প্রার্থীর ছেলে একজন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি নিজে ব্যালট পেপার নিয়ে সিল মেরেছেন। তারা প্রতিটি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করেছে।

 

সংবাদ সম্মেলনে সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *