বিনোদন ডেস্ক- প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্না এখনো বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনে বেঁচে আছেন। তাকে ঘিরে নানা আয়োজন করেন তার ভক্তরা। মৃত্যুর এত বছর পরও মানুষের কাছে তার জনপ্রিয়তা এখনো কমেনি।
জনপ্রিয় এই নায়ককে স্মরণ করে তার স্ত্রী শেলী মান্না তাকে ট্রিবিউট করে তৈরি করছেন একটি গান। গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন পুলক অধিকারী। সংগীতায়োজন করছেন মেহেদী। আর কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল।
নায়ক মান্নাকে নিয়ে ট্রিবিউট করা গানটি প্রকাশের দিন নিয়ে তথ্যের বিভ্রান্তি রয়েছে। মূলত গানটি এপ্রিলে প্রয়াত এই নায়কের জন্মদিনে প্রকাশ করবেন বলে জানিয়েছেন শেলী মান্না।
শেলী বলেন, ‘অনেকেই বলছেন যে গানটি মৃত্যুবার্ষিকীতে প্রকাশ হবে। তথ্যটি ভুল। গানটি আমরা মান্নার জন্মদিন উপলক্ষেই তৈরি করেছি। তাই তার জন্মদিনে কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।’
গানটির উদ্যোক্তা প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। আর সার্বিক সমন্বয়ের কাজটি করছেন পরিচালক সোহানুর রহমান সোহান। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হচ্ছে।
