কুষ্টিয়া থেকে সরানো হলো এসপি তানভীরকে

নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।

 

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আলোচনায় আসেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। ওই ঘটনায় তাকে হাইকোর্টে তলব করা হলে তিনি অসৌজন্যমূলক আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান। তার ক্ষমা প্রার্থনার আবেদনের বিষয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার পদে, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *