সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের আরাজি ধর্মদাস পানিবাড়ি এলাকার ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আলম মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে আটকে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা। খবর পেয়ে সিটি মেয়র ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, নগরীর তাজহাট এলাকার বাসিন্দা আলম মিয়া দীর্ঘদিন ধরে একটি শ্যালো মেশিন বসিয়ে ঘাঘট নদের পানবাড়ি সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
এতে এলাকার আবাদি জমি ভাঙছে। বিভিন্ন সময় বালু তোলা বন্ধের দাবি জানালেও শুনেননি। তাই এলাকার ভুক্তভোগী জনগণ বাধ্য হয়ে বালু ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ করে।
স্থানীয়রা আরও বলেন, যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে ওই এলাকায় প্রায় ১০০ পরিবারের বাস। তাদের বসতভিটাসহ আবাদি জমি রয়েছে। বালু উত্তোলনের ফলে আবাদি জমি ভাঙছে।
আরও কিছু এলাকা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি এ এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে বালু ব্যবসায়ী আলমকে আটক করা হয়েছে।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, এমনিতেই বালু উত্তোলন অবৈধ। এর ওপর সেতুর সংযোগ সড়কের কাছে প্রায় দুই ফুট করে কাটা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
