নজর২৪ ডেস্ক- মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খানের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।
যা দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে বলে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে বেশ কয়েকটি ছবি।
মঙ্গলবার (০২ ফেব্রিয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন।
তবে ওসি মিরাজ হোসেন দাবি করেছেন নিরাপত্তা রক্ষার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি প্রার্থীর সাথে মিছিলে বা বাইরে কোথাও এক সাথে ছিলাম না।
মনোনয়নপত্র জমাদানের সময় আপনার হাতে কাগজপত্র কেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউএনও’র সাথে কাগজপত্র রিসিভ করছিলাম। রিসিভ করা আপনার কাজ কিনা এমন প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও মাদারীপুর জেলা পুলিশের মুখপাত্র মো. আব্দুল হান্নানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
শিবচর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কোন সরকারি কর্মকর্তা প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে পারে না। যদি কেউ করে থাকে সেটা আচরণ বিধি লঙ্ঘন।
শিবচরের ওসি মনোনয়ন জমাদানের সময় প্রার্থীর সাথে ছিলেন। এটা পারেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি দিতে রাজি হননি।
মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, কোন প্রার্থী মনোনয়ন পত্র দালিখের সময় ওসি বা পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার্থে থাকতে পারে। তবে ওসি কোনো প্রার্থীর সাথে ছবি তোলার কথা নয়। তিনি যদি প্রার্থীর সাথে একত্রিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তাহলে সেটা ঠিক করেনি। আর তার ছবিটি আমি এখনো দেখিনি, যদি তিনি এমন ছবি তুলে থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি মাদারীপুর সদর ও শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকালে শিবচর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে মাদারীপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ, বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত হোসেনসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
