নিজস্ব প্রতিবেদক, নজর২৪- টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে বিজয়ীর লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার কুতুবপুর গ্রামে দফায় দফায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘ-র্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হাতের আঙুল কে’টে নেওয়া হয় প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক সূচি বেগমের।
এদিকে ফলাফল প্রকাশের পর বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ারের লোকজন পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক আজহার, শামছুল, জলিল, মান্নান, সাদেক, আমজাদ, আনোয়ার, শহীদুজ্জামান, শামছুজ্জামান, সাইফুল, সবুর, মোমেন, করিম মেম্বার, ইসরাইল, সাত্তারের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রাত থেকেই পুরুষশুন্য হয়ে পড়েছে ওই এলাকা।
জানতে চাইলে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো রাশিদুল ইসলাম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় কুতুবপুর এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
