নজর২৪ ডেস্ক- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ‘রুচিহীন মানুষের আদর্শ উদাহরণ। মানুষ ভোট দিতে পারছে না, পুরো নির্বাচনী ব্যবস্থাটাই মুখ থুবড়ে পড়েছে; অথচ সিইসি নির্বিকার। এ নিয়ে হাজারো সমালোচনা হলেও তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আলাদা সত্ত্বা নেই, ওটা আওয়ামী লীগেরই একটি অঙ্গ সংগঠন।’
শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘কাদের সাহেবরা রাতের আঁধারে সরকার নির্বাচনকে ভোট ডাকাতির কালচারে পরিণত করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হলো আওয়ামী ইতিহাসের ধারাবাহিক ভোট ডাকাতির আরেকটি নজীরবিহীন দৃষ্টান্ত।
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের মারধর করে তাড়িয়ে দিয়ে ভোট ডাকাতির উৎসব করেছে আওয়ামী লীগ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ইভিএমে ফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি লাগার কথা নয়। ডাকাতির পর ভাগ বাটোয়ারা নিয়ে হিসাব মেলাতেই এই দীর্ঘ সময় লেগেছে। বহু হিসাব-নিকাশ করে তারা দেখিয়েছে নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়েছে। তার মানে হচ্ছে, বন্দর নগরীর ৭৮ শতাংশের বেশি ভোটার বুধবারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যান ভোট সন্ত্রাসী ক্ষমতাসীনদের বলদর্পী শাসন-শোষণ ও নতজানু-মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।’
