নজর২৪, চট্রগ্রাম- আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে জেতাতে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করছে বলে দাবি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের।
আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনী কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন।
এর আগে সকাল ১০টার দিকে চকবাজার বিএড কলেজে ভোট দিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পশ্চিম বাকলিয়া, পাথরঘাটা ও জামালখানে আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করে রেখেছে। গতকাল রাতে বাকলিয়ার ৭জন এজেন্টকে মারধর করা হয়েছে। ভোটে আমি শেষ পর্যন্ত থাকবো। তাদের ভোট ডাকাতির মুখোশ সারাবিশ্বে জানাবো। প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে উঠেপড়ে লেগেছে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।’
ডা. শাহাদাত এজেন্টদের বের করে দেয়া হচ্ছে অভিযোগ করে বলেন, ‘আমার পেছনেই কয়েকজন এজেন্ট আছে। তারা অভিযোগ করছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো নারী এজেন্টদের গায়ে হাত দেয়া হচ্ছে। তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। ৯টার মধ্যেই আমাদের ১৫ জন আহত হয়েছে। জামালখান এবং পাহাড়তলীর দুই প্রার্থীকে আহত করা হয়েছে।’
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
চট্টগ্রামে ভোট চলাকালীন বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
রিজভী বলেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে। প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতা কর্মীদের গ্রফতার করা হয়েছে।
