ভোটাধিকার প্রতিষ্ঠায় আরেকটি গণঅভ্যূত্থান রচনা করতে হবেঃ মো. রাশেদ

নজর২৪ ডেস্ক- দেশে সামাজিক নিরাপত্তা, মানবাধিকার ও ভোটাধিকার নেই মন্তব্য করে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে দেশের তরুণ সমাজকে ৬৯ এর মত আরেকটি গণঅভ্যুত্থান রচনা করতে হবে।

 

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘৬৯ এর গণঅভ্যুত্থানের ৫২ বছর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে রাশেদ খাঁন বলেন, সেসময় প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের আন্দোলন সংগ্রাম আর রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান রচিত হয়। কিন্তু আজ বড় কষ্ট হয়। মহান মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন কিন্তু এখনো আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারিনি। দেশে সামাজিক নিরাপত্তা নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই। এই অধিকার আদায়ে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে দেশের তরুণ সমাজকে ৬৯ এর মত আরেকটি গণঅভ্যুত্থান রচনা করতে হবে।

 

তিনি বলেন, সে সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে একটি ওপৌনিবেশ বানিয়ে রেখেছিল। ঠিক একইভাবে এই বাংলাদেশকে ভারতের ওপৌনিবেশ বানানোর পায়তারা করা হচ্ছে। এবং সেটা করছে আওয়ামী লীগ সরকার।আমরা দেখছি তারা অবৈধভাবে তিন মেয়াদে ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখল করে আছে। ভারত যা বলছে তারা তাই করছে। তাহলে আপনারা কি বলবেন? তারা কি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি দিচ্ছে না?

 

তিনি আরো বলেন, আজ রাজনৈতিক দলগুলোকে রাজপথে দেখা যায় না। আজ সেই মাওলানা ভাসানীর মত নেতৃত্ব নেই বলে আওয়ামী লীগ সরকার জবর দখল করে ক্ষমতায় বসে আছে। আমরা যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমাদেরকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে এই সরকারের পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *