এই বছরের মধ্যেই সরকারকে বিদায় করা হবে: মান্না

নজর২৪ ডেস্ক- ঊনসত্তরের মতো গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের ওপরে বসে আছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে একমঞ্চে এসে এই সরকারকে বিদায় করতে হবে।’

 

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মান্না বলেন, ‘সরকার ভোট ডাকাতি করে নিজের কাছে রেখেছে। মানুষের কাছে ভোট নেই। মানুষের ভোটাধিকার সরকার দেবে না। যেভাবেই হোক তারা ক্ষমতায় থাকতে চায়।’

 

তিনি বলেন, আজ ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিলো তা পাকিস্তানের শাসনকে ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছিলো, আজ সেই দিন। যেই গণঅভ্যুত্থান থেকে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হিসেবে জন্ম হয়েছিলো, সেই সরকার কি আজকের এই দিনের কথা মনে রেখেছে? রাখেনি।

 

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, প্রধানমন্ত্রী কেন আজ নিজে টিকা না দিয়ে জনগণকে বলেন। এই টিকা নিতে ভয় পাচ্ছেন? নিজেদের জানের ভয় আছে, জনগণের প্রতি কোনো দরদ নেই কেন? এই টিকা নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে।

 

তিনি বলেন, জাফরুল্লাহ ভাই এই দাবি নিয়ে রাস্তায় এসে বসুন। আমি সবাইকে, সব রাজনৈতিক দলকে ডাকবো। লক্ষ কোটি টাকা দুর্নীতি লুট করছেন, পদ্মা সেতুর একেকটা স্প্যান বসিয়ে বিশাল প্রচারণা করছেন। কতো টাকার দুর্নীতি করছেন? প্রধানমন্ত্রী বলেছেন, কারা কারা বিদেশে টাকা পাঠান, তিনি জানেন, কেন তাদেরকে কিছু বলেন না? এই দুর্নীতি রোধ করতে হবে। এই লিস্ট বের করবো, তৈরি হোন।

 

এসময় নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই গণঅভ্যুত্থান দিবসে সকলকে এক মঞ্চে এসে এই সরকারের পদত্যাগের জন্য আন্দোলনের শপথ নিতে আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *