Home জাতীয় হাসিনা-মোদির সুসম্পর্কের কারণেই টিকা এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

হাসিনা-মোদির সুসম্পর্কের কারণেই টিকা এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

0
93

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ টিকা এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালে বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছিল, করোনা মহামারির এই বিপদেও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই টিকা দেওয়ার মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হলো।

 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে চায়। ভারতে টিকা বিতরণের মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশ টিকা পেয়েছে। দুই দেশ একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করবে।

 

উল্লেখ্য, ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে।

 

টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হয়।

 

উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে।

 

অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান টিকা দেওয়ার অনুমতি পাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here