নজর২৪ ডেস্ক- সিলেটের জকিগঞ্জ আদালতে বিচারক আনোয়ার হোসেন সাগরকে ঘুষ দিতে গিয়ে আটক হন থানার এসআই রাজা মিয়া। বিচারক এসআই রাজা মিয়ার এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়লে তিনি তাকে এজলাসে নিয়ে আটকের নির্দেশ দেন। পরে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের অনুরোধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের শর্তে রাতে তাকে মুক্তি দেওয়া হয়।
গত মঙ্গলবার এসআই রাজা মিয়ার কারণে আদালতের বিচারক বিব্রতবোধ করায় তাকে ক্লোজ করা হয়েছে বলে বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, একটি সিআর মামলা তদন্ত করে একজন আসামিকে বাদ দিয়ে তিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন এসআই রাজা মিয়া। বিজ্ঞ আদালত কেন একজনকে বাদ দেওয়া হয়েছে জানতে চেয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ধার্য তারিখে অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে ঘুষ প্রদানের চেষ্টা করেন। বিচারক এসআইকে কৌশলে এজলাসে নিয়ে যান। সেখানে আইনজীবী ও উপস্থিত লোকজনদের সামনে এসআই রাজা মিয়াকে গ্রেফতারপূর্বক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাত ৮টা পর্যন্ত তাকে আটক রাখা হয়।
পরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিচারকের খাস কামরায় অবস্থান করে বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে তাকে মুক্ত করেন। এ অভিযোগে বুধবার এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
