আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণে ডোনাল্ড ট্রাম্প জনগণের জন্য সব সময় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
যৌথ ঘাঁটি অ্যান্ড্রুসে সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। আগামী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য শুভ কামনাও জানান তিনি। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের শত বছরেরও বেশি সময়ের প্রথা ভেঙে পরবর্তী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হাজির না হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, বাইডেন শপথ নেওয়ার আগেই হোয়াইট হাউজ ছেড়ে যাবেন তিনি। সেই অনুযায়ী হোয়াইট হাউজ থেকে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বেরিয়ে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে যান তিনি। সেখানে এক সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
অ্যান্ড্রুসে সমবেত হওয়া পরিবারের সদস্য এবং কর্মচারীদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আপনারা চমৎকার মানুষ। এটা একটা মহান, মহৎ দেশ। আপনাদের প্রেসিডেন্ট হতে পারা আমার জন্য সবচেয়ে সম্মানের এবং মর্যাদার।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আপনাদের জন্য সব সময় লড়াই চালিয়ে যাব। আমি নজর রাখব, আমি শুনব এবং আমি বলব, এই দেশের ভবিষ্যৎ এর চেয়ে ভালো কখনো হবে না। নতুন প্রশাসনের জন্য শুভকামনা। আমি আশাবাদী, তাঁরা সফল হবে।’
মেলানিয়া ট্রাম্পকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করার আগে ডোনাল্ড ট্রাম্প তাঁর চিফ অব স্টাফ মার্ক মিডোসের কথাও উল্লেখ করেন। মেলানিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন ও সুন্দর একজন নারী। মানুষের মধ্য তিনি ভীষণ জনপ্রিয়।’
এই শেষ বক্তব্য অবশ্য প্রকৃত চিত্রের সঙ্গে মেলে না। সিএনএনের সর্বশেষ জনমত জরিপের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ত্যাগ করছেন মেলানিয়া ট্রাম্প।
এরপরই বক্তব্য রাখেন মেলানিয়া ট্রাম্প।
উল্লেখ্য, বুধবারই শপথ নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ডেমোক্রেট পার্টির জো বাইডেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শপথ অনুষ্ঠান শুরুর কথা হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
