ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয় তারা প্রকৃত মুসলমান নয়: কাদের মির্জা

নজর২৪ ডেস্ক- ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয় তারা প্রকৃত মুসলমান নয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

 

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় পৌরসভা মিলনায়তনে বসুরহাটের নব নির্বাচিত মেয়র কাদের মির্জা ভোটারদের সাথে নির্বাচনী কুশল বিনিময় সভায় এ কথা বলেন।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

 

কুশল বিনিময় সভায় আবদুল কাদের মির্জা বলেন, আপনি জামায়াত করেন। আপনার রাইট আছে। কিন্তু নিরবে বসি বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। মানা হবে না। মসজিদের মিম্বরে বসি সমালোচনা করবেন না। আমি আল্লাহকে সিজদা দেই। আমি সহানুভূতি আদায়ের চেষ্টা করি। জোর করি মুসলমান বানানোর চেষ্টা করলে আমার মনে হয় এগুলো করে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। মিম্বারে বসে রাজনীতি করবেন না। ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয় তারা প্রকৃত মুসলমান নয়।

 

তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আমি একরাম চৌধুরীর বিরুদ্ধে বলেছি। আমি জাতীয় রাজনীতি নিয়ে কথা বলিনি। সে চাকরি বানিজ্য করে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে খোদা মানে। প্রশাসনের এ তেল মারা বন্ধ করতে হবে। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে। আমি মারা গেছি, আমার বৌকে ভোটে দাঁড় করিয়ে দিতে হবে না হলে আমার ছেলেকে দাঁড় করিয়ে দিতে হবে- এ সংস্কৃতি বন্ধ করতে হবে।

 

আবদুল কাদের মির্জাবলেন, এখন থেকে সকল রাজনৈতিক দল এখানে তাদের দলীয় কাজ করতে পারবেন। তবে কোন অপরাজনীতি হয়ে থাকলে তা মানা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত, আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এলাকা ছাড়তে হয়। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোম্পানীগঞ্জের সকল নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। এখানে গণতান্ত্রিক উপায়ে সব হবে। আমরা অতীতে অনেক ভুল করেছি। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করবেন। কোন অপরাধী অপরাধ করে বাঁচতে পারে না। কোন না কোনভাবে তাকে শাস্তি ভোগ করতে হয়।

 

তিনি আরো বলেন, এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের একটি অসাম্প্রদায়িক সুখি সমৃদ্ধশালী দেশ গড়ার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিজয়। এ বিজয় ওবায়দুল কাদের সাহেবের বিজয়। এ বিজয় তাদের যারা নির্বাচনে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছে। এ বিজয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর আন্তরিকতার বিজয়। আমি সকলের জন্য এ বিজয় উৎসর্গ করলাম। আমার প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশরফ হোসেন এর সাথে দেখা করেছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাদের এ সমাবেশ থেকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *