নজর২৪, দিনাজপুর- টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচনে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রাশেদ পারভেজ নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট।
শনিবার ভোট গ্রহণ শেষে জেলা শিশু একাডেমি মিলনায়তন থেকে জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে লাঙ্গল প্রতীকে আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৮ ভোট, হাতপাখা প্রতীকে হাবিবুর রহমান রানা পেয়েছেন ৫৭৩ ভোট এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।
এই পৌরসভায় এর আগে দুবার নির্বাচিত হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৬৯৫ জন ভোট দেন। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেন।
