নজর২৪- নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮।
শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।
এদিকে, বেসরকারিভাবে ফলাফল ঘোষণার আগে প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে চতুর্থবারের মতো মেয়র পদে জয় সুনিশ্চিত জেনে বিকেলে বসুরহাট রুপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা করেন আবদুল কাদের মির্জা।
সেখানে তার এ বিজয়কে জনগণ ও আওয়ামী লীগের ত্যাগী নেতাদের উৎসর্গ করে তিনি বলেন, এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে, যোগ্য প্রার্থী দিলে ভোটে জয়লাভ করা যায়।
ইভিএমে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম। তাতে দেখা যায়, নৌকা প্রতীকে কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা মোশারফ হোসেন মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।
কোনো গোলযোগ ছাড়াই এই পৌরসভায় ভোটগ্রহণ হয়। ২১ হাজার ১১৫ ভোটারের এই পৌরসভায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল ব্যাপক। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে কেন্দ্রগুলোতে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা কয়েক দফায় বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্বে রয়েছেন। ওবায়দুল কাদেরের সংসদীয় আসনও এটি।
