মদপানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনের মৃত্যু

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

 

আজ শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

মৃতরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ১৪ জন কিশোর ও যুবক মিলে ২ গ্রুপে বিভক্ত হয়ে মদপান করে। অতিরিক্ত মদ্যপান করে সারা ঘুমিয়ে সকালবেলা জেগে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে।

 

এ সময় পরিবারকে বিষয়টি জানালে তারা সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার দুপুরে বাবুসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নিহতদের পরিবারের দাবি, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা মারা গেছে। তারা কখনো নেশার সাথে জড়িত ছিল না। ড্রাইভার তোফাজ্জলের পরিবার জানিয়েছে, তোফাজ্জল হোসেন পাকস্থলির পচন রোগে আক্রান্ত।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *