বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি

নজর২৪ ডেস্ক: বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কর্তৃক কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরকার, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রাশিদা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৫০ হাজারের বেশি তৃতীয় শ্রেণি কর্মচারীরা নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, অবহেলিত। আমরা দিনের পর দিন দীর্ঘ সময় অফিসে বিভিন্ন কাজ করেও নামে মাত্র বেতন-ভাতাদি পেয়ে থাকি। যা দিয়ে এ সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির লাগামহীন বাজারে দূর্বিষহ জীবন যাপন করে যাচ্ছি।

 

তাই মানবতার মা, গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রীর মাধ্যমে এই বৈষম্য দূর করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসার দাবী জানাই।

 

তাদের ৫ দফা দাবীগুলো হলো, ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।

 

শিক্ষা মন্ত্রনালয়ের প্রণিত চাকুরী বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারীদের দাবীগুলো যৌক্তিক। মুজিব শতবর্ষে, বিজয়ের মাসে আমার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আপনাদের যৌক্তিক দাবীগুলো উপস্থাপন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *