কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে সাঈদী

নজর২৪, ঢাকা- মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অর্থ আত্মসাতের একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে।

 

সোমবার ঢাকার বিশেষ জজ সৈয়দা হোসনে আরার আদালতে মামলাটিতে চার্জ শুনানির দিন ধার্য ছিল।

 

আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির তারিখ আগামী ১১ জানুয়ারি ধার্য করেন।

 

এর আগে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে সকালে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয় সাঈদীকে। সকাল ১০টার দিকে শুনানি শুরু হয়।

 

তবে এদিন মামলার যাবতীয় নথিপত্র না পাওয়ায় শুনানির প্রস্তুতি গ্রহণ করতে পারেননি জানিয়ে সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

 

এছাড়া সাঈদীকে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক তাৎক্ষণিক এ বিষয়ে কোনো আদেশ দেননি।

 

মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জন আসামি। অপর পাঁচ আসামি হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

 

আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *