বগুড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের আমিনপুর গ্রামে তীব্রশীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত খয়বর উদ্দনের স্ত্রী মাবিয়া খাতুন (৬৫) পৌষের তীব্র শীত সইতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের চুলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে যায়। এ সময় অসাবধানতাবশত: তার কাপড়ে আগুন লাগে।

 

ফাকাঁ বাড়ীতে পরিবারের অন্য কোন সদস্য না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আনোয়ারা নামক এক প্রতিবেশী তাকে দেখে তার সন্তান ও পরিবারের অন্যান্য লোকজনদের খবর দেয়।

 

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, ওই বৃদ্ধার ছেলে শহরে থাকে। আমিনপুর গ্রামে তিনি একাই থাকতেন এবং একাই রান্না করে খেতেন। বাড়িতে আর কেউ না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়েছে।

 

এ ব্যাপারে থানায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ-

বগুড়ায় ২৭৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

 

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পশ্চিম দলিলামপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

 

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউলকে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও তার কাছে থাকা একটি সীমকার্ডসহ মোবাইল ও নগদ এক হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *