ইসির বিরুদ্ধে চিঠি: ৪২ বিশিষ্টজনের সাথে একমত ড. কামাল

নজর২৪, ঢাকা- দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ এনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ায় ৪২ বিশিষ্ট নাগরিককে পূর্ণ সমর্থন জানিয়েছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

 

বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ সমর্থন জানান।

 

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগ কারও কাম্য ছিল না। এটি জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক।

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে এর আগে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন দেশের বিশিষ্ট ৪২ নাগরিক। ওই চিঠির প্রতি সমর্থন জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ৪২ জন নাগরিকের যৌক্তিক দাবি ও প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

 

ইসির বিরুদ্ধে কেনাকাটা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে গুরুতর অসদাচারণ ও অনিয়মের অভিযোগে ইসির প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে।

 

এ অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে বিশেষ অনুরোধ জানান ড. কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *