ইসলাম বিরোধীরা মৃত বঙ্গবন্ধুকে ভয় পায়: শাজাহান খান

নজর২৪, মাদারীপুর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

রোববার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। তাদের এ কর্মসূচিতে যোগ দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এমপি)।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুকে ভয় পায় ইসলাম বিরোধীরা। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে। সরকার যখন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কাজ করে তখন অনেক ফতোয়া জারি করা হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। দেশ কারো দয়ার দান নয়। এদেশ রক্ত দিয়ে কেনা। আগামী প্রজন্মও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *