নিজস্ব প্রতিবেদক, নজর২৪- মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন আবার চালু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চলাচলের উদ্যোগ নিয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকামুখী যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দিয়েছে।
জানা যায়, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চালু করার জন্য গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে পৌঁছে একটি ট্রেন। পরে সেটি পূর্বের ন্যায় রোববার সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে ট্রেন পরিচালনা চালু হয়।
এদিকে কয়েকমাস বন্ধ থাকার পর ট্রেনটি আবার চালুর সংবাদে ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এরআগে গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের এসিওপিএস (পি) পূর্ব পক্ষে চীফ অপারেটিং সুপাররিনটেনডেন্ট পূর্ব) সাহেব উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ট্রেন চালু হওয়ার বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রুটে চালচলকারী টাঙ্গাইল কমিউটার ট্রেন শনিবার (১৯ ডিসেম্বর) হতে সকাল-সন্ধ্যা এমজিকোচ দ্বারা পরিচালনা করা হবে।
এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেনের রেক পরির্তন সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে ১ স্ট্যান্ডার্ড কম্পোজিশন ১০/২০ ও ২ শুক্রবার সাপ্তাহিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
