‘আলেমরা আন্দোলন করবেন না, আলোচনায় ভাস্কর্য ইস্যুর সমাধান’

নজর২৪ ডেস্ক- ভাস্কর্য ইস্যুতে আলেমরা আর আন্দোলন করবেন না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন আলেমরা। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

 

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

 

ঢাকায় ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা বিরোধিতা করে আসছেন। এরমধ্যে গত ৪ ডিসেম্বর রাতের কোনো একসময় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ধানমন্ডিতে আমার বাসভবনে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের ১২ জন শীর্ষস্থানীয় আলেম একসঙ্গে বসি এবং মতবিনিময় করি। সেই সভায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, ওবায়দুল রহমান নদভী, মাওলানা মো. নুরুল ইসলামসহ ১২ জন আলেম উপস্থিত ছিলেন। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী (ফরিদুল হক খান), ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও আমাদের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, ৫ ডিসেম্বর সারাদেশের শীর্ষস্থানীয় আলেমরা মাহমুদুল হাসানের ডাকে এক হয়েছিলেন। সেখানে তারা অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র তারা প্রেরণ করেছিলেন, সেই পত্রের কপিও তারা আমাদের দিয়েছেন। সেটার বিষয়ে আলাপ-আলোচনার বিষয়েই আমাদের ওখানে গিয়েছিলেন। একটা ফলপ্রসূ আলাপ হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিদ্ধান্ত এই রকমই আমরা যেসব আলাপ করেছি, এগুলো নিয়ে আরো আলাপ হবে। আমরা মনে করি, আলাপের মাধ্যমে আমরা সমস্ত সমস্যা সমাধান করব। আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো।

 

তিনি বলেন, যেসব কথাবার্তা তাদের আলাপের মাধ্যমে বেরিয়ে আসছে, সেগুলোর সবই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো। তারাও হৃদয় দিয়ে ধারণ করেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতাকে। তারাও স্বীকার করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান, তার ঈমানি দায়িত্ব যেগুলো সেগুলো তিনি পালন করে যাচ্ছেন।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে এইটুকু সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্য যেটুকু হয়েছে আরো যেসব প্রশ্ন আছে, আমরা ঐকমত্যের মাধ্যমে শেষ করতে পারব, ইনশাআল্লাহ। তাদের পাঁচটি প্রস্তাবের সবগুলো নিয়েই আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *