নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসনের সহায়তায় কক্সবাজারে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য। মহান বিজয় দিবসের সকালে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রদর্শনী চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে রাত-দিন বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের ১০ শিক্ষার্থী। সাগরের খোলা প্রান্তরে ১০ ফুট উচ্চতার আবক্ষ এবং ৬ ফুট উচ্চতার ও ১৪ ফুট প্রশস্তের আরেকটি ভাষ্কর্য নিমার্ণ করছেন তারা। শিক্ষার্থীদের দাবি, এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বালু ভাষ্কর্য।
ব্র্যান্ডিং কক্সবাজারে সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘ধর্মান্ধ এবং উগ্রবাদীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া কিংবা অপসারণের মতো ধৃষ্টতা না দেখায়। ’
তিনি বলেন, ‘প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর বালুর তৈরি ভাস্কর্যটি নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। ’
জেলার প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু জানান, এটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। এবং অভিনব প্রতিবাদ। এভাবেই জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতে হবে। নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলতে বসেছে। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে জাতিকে জানাতে হবে। ’
এদিকে ভাস্কর্য নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজার সমুদ্রসৈকতে বিজয় দিবসকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার প্রতিবাদে আমাদের ব্যতিক্রমী এ উদ্যোগ। ’
তিনি বলেন, ‘আমাদের সত্তায় জাতির পিতা থাকবে, থাকবে বাংলাদেশ। ’
