রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সুমি খাতুন নামে ওই অন্তঃসত্তা নারীর মৃত্যু হয়। এসময় নিহতের স্বজনরা হাসপাতাল ক্যাম্পাসে জরুরী বিভাগসহ বেশকিছু কক্ষে ভাঙ্গচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, শহরের একডালা গ্রামের পলাশ সেখের স্ত্রী সুমি খাতুন (২২) সাত মাসের অন্তঃসত্তা ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে শারিরীক অসুস্থ্যতা বোধ করলে দুপুর ১২টার দিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে এবং তাকে ডাঃ বিউটি ও ডাঃ রেজুয়ান চিকিৎসা সেবা দিতে থাকেন।
কিন্তু চিকিৎসা চলা অবস্থায় রোগীর স্বজনরা ডাক্তারকে একাধিকবার রোগির অবস্থা অবনতির কথা জানালেও কোন কর্ণপাত না করে কালক্ষেপন করে। পরে বেলা ৩টার দিকে অন্তঃসত্তা সুমি খাতুন মৃত্যুর কোলে ঢোলে পরে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পরলে রোগির স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা হাসপাতালে ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভাঙ্গচুরের সাথে জড়িত ৮ জনকে আটক করে।
এবিষয়ে ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক সাংবাদিকদের জানান, রোগির স্বজনদের অভিযোগ চিকিৎসায় অবহেলাতে ওই অন্তঃসত্তা নারীর মৃত্যু হয়েছে।
অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ তারা বিনা কারণে হাসপাতাল ভাঙ্গচুর করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হতে পারে। তবে এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি।
