Home জাতীয় ভাস্কর্য নিয়ে কথা বলতে চান না মির্জা ফখরুল

ভাস্কর্য নিয়ে কথা বলতে চান না মির্জা ফখরুল

0
106

নজর২৪ ডেস্ক- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে কিছু বলতে চান না। কারণ, এটি তাঁর কাছে কোনো ইস্যু না। আজ মঙ্গলবার সকালে তিনি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

মির্জা ফখরুলের ভাষায়, ‘ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না। এটা আমার কাছে কোনো ইস্যু না। আমাদের কাছে এখন ইস্যু হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার। আমার সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমরা এখন ভোট দিতে পারি না। কথা বলতে পারি না। লিখতে পারি না।’

 

দেশে জঙ্গিবাদ নেই, দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘কথা নেই বার্তা নেই, গ্রামের মধ্যে জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানে তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব সাজানো। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে।’

 

তাঁর অভিযোগ, আওয়ামী লীগ মৌলবাদকে প্রশ্রয় ও উসকে দিচ্ছে। তিনি দাবি করেন, ‘বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ সব সময় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশে যত অপকর্ম হয়েছে, সেগুলো আওয়ামী লীগ করেছে। গণতন্ত্রের যা কিছু অর্জন, সবই তারা শেষ করে দিয়েছে।’

 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের হালহকিত একই আছে। এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যত দিন আছে, ততদিন কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।

 

জনগণের সঙ্গে সম্পৃক্ততা রক্ষা ও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here