Home জাতীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: কাদের

সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: কাদের

0
62

নজর২৪, ঢাকা- লাখো শহিদের রক্তে অর্জিত এ দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ‘এটা এ দেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর নেপথ্যে যারা মদদ এবং অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে।

 

ওবায়দুল কাদের বলেন, এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, তাদের জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে। ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

এ দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য সুদৃঢ় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা এরই মধ্যে এর প্রমাণ করেছে এবং বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনে-অপ্রয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, এ ক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না। কখনো কখনো নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে। তাই ভাস্কর্য নির্মাণে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতেও বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here