বিনোদন ডেস্ক- গত বছরের ৬ ডিসেম্বর দুইয়ে মিলে এক হয়েছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। চোখের পলকে পার হয়ে গেলো তাদের বিয়ের একটি বছর। হ্যাঁ, রোববার (৬ ডিসেম্বর) তাদের প্রথম বিবাহবার্ষিকী।
বিশেষ এই দিনে কী করছেন সৃজিত-মিথিলা? অনেক ভক্তদের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর উত্তর জানা যাবে, মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই। ইনস্টাগ্রামে মিথিলা শেয়ার করেছেন দুটি ছবি, যার একটি গত বছরের বিয়ের দিনের আর অন্যটি মেয়ে আইরাকে নিয়ে সৃজিত ও তার সুন্দরবন ভ্রমণের। আর সেই ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘ইতোমধ্যে এক বছর হয়ে গেল এবং অ্যাডভেঞ্চার অব্যাহত রয়েছে। চিয়ার্স পার্টনার…।’
বিশেষ এই দিনটিকে উপলক্ষে করে আনন্দঘন সময় উদযাপন করতে সুন্দরবন বেড়াতে গেলেন আলোচিত দম্পতি সৃজিত-মিথিলা। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও।

কয়েকদিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি ওঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।
এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘বনের দিনরাত্রি। ’
