ভাস্কর্য বিরোধীতাকীরাদের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত : কাদের

নজর২৪, লক্ষ্মীপুর- বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি এবং এর সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি। অথচ বিশ্বের মুসলিম দেশগুলোসহ প্রায় সবদেশে ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, এরসঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত। তারা বিভিন্ন সময় ছাত্র আন্দোলন, সামাজিক আন্দোলন ও ধর্মীয় আন্দোলনের কাঁধে ভর করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে।’

 

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনও সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনও বাধা দেবে না। তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’

 

দলীয় নেতাকর্মীদের সাবধান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করার আহ্বান জানাচ্ছি।’

 

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যে কোনও নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলোকে যেনও ম্লান না হয় সেদিকে সতর্ক থাকবেন।’

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোনও অবস্থাতেই লক্ষ্মীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *