সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাতিলের দাবি

নজর২৪ ডেস্ক- ভাস্কর্য ও মূর্তিবিরোধী অবস্থানের কারণে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মানববন্ধনে অংশ নিয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের কথিত ৬০টি সংগঠনের নেতাকর্মীরা।

 

মানববন্ধন থেকে অবিলম্বে সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাতিল করে বাহাত্তরের ‘অসাম্প্রদায়িক’ সংবিধানে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।

 

মঙ্গলবার ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে দুপুর আড়াইটা থেকে মৎস ভবন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা ক্লাব, শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামসও।

 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক আবেদ খান, ইতিহাসের অধ্যাপক, গবেষক মুনতাসীর মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

 

এই কর্মসূচির মূল দাবি- অবিলম্বে হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার এবং জামায়াত-হেফাজতের ‘মৌলবাদী’ ও ‘সাম্প্রদায়িক’, ‘সন্ত্রাসী রাজনীতি’ নিষিদ্ধ করা।

 

মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা মনে করি, ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও বিরোধ নেই। কাজেই যারা বাংলাদেশে ভাস্কর্যের সঙ্গে ধর্মের সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার এবং অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করার সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

 

মৌলবাদী সাম্প্রদায়িক অপগোষ্ঠীগুলোর যে ধৃষ্টতা দেখছি, তা একদিনে তৈরি হয়নি উল্লেখ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, অবিলম্বে সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাতিল করে বাহাত্তরের অসাম্প্রদায়িক সংবিধানে ফিরে যেতে হবে। মৌলবাদের জুজুর ভয়ে রাষ্ট্রের প্রশ্রয়-আপসের অবসান ঘটাতে হবে।

 

সামাজিক-সাংস্কৃতিক শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠে এখন প্রগতিশীলতার বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু্। তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙে নদীতে ছুঁড়ে ফেলার মতো বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তারা দেখিয়েছে। তারা কারা ? তারা হচ্ছে একাত্তরের পরাজিত সৈনিক, একাত্তরের পরাজিত শত্রু, তাদেরই উত্তরসূরি, একেবারেই তাদের প্রতীকী রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *