সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে ৬/৭ বৎসরের এক শিশু ছেলে নিজের ঠিকানা বলতে না পারায় বিপাকে পড়েছেন অটোচালক আক্তার হোসেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) রাত প্রায় ৯ টার সময় চাড়ালজানি এলাকা থেকে অজ্ঞাত নামের এক বৃদ্ধা ঐ ৬/৭ বছরের শিশু ছেলেটিকেকে মধুপুরের গোবুদিয়া গ্রামের অটোচালক আক্তারের অটোতে উঠিয়ে দিয়ে বলেন শিশুটি কাকরাইদ যাবে।
অতঃপর ব্যাটারি চালিত অটোরিকশা চালকটি কাকরাইদ এলাকায় পৌছলে ঐ শিশু ছেলেটি কাকরাইদে কোনো বাড়ি চিনে না এবং কোনো আত্নীয়, মা-বাবাকে না চেনায় অটোচালকটি তাকে তার বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন।
এক্ষেত্রে পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে বিষয়টি অবগত করা হলে তাদের পরামর্শক্রমে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
অটোচালক আক্তার হোসেন ‘নজর টুয়েন্টিফোর’কে বলেন, “অজ্ঞাত শিশু ছেলেটি বর্তমানে আমার বাড়িতে আমার ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করে সময় কাটাচ্ছে। শিশুটি আমাকে বাবা বলেও ডাকতেছে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলিমিশে বেড়ে উঠছে। এমতাবস্থায় যদি কেউ উপযুক্ত প্রমাণ সহকারে শিশুটির অভিভাবক হিসেবে দাবি করে তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে দেয়া হবে। অন্যথায় শিশুটিকে আমার ছেলেমেয়েদের মতোই বড় করে তুলবো।”
