নজর২৪, ঢাকা- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ নভেম্বর)। দিবসটি উপলক্ষে তার পরিবারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাদ জোহর গুলশানে ডিএনসিসির নগর ভবনে (লেভেল ৮) মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আনিসুল হকের ছেলে নাভিদুল হক সাংবাদিকদের বলেন, করোনার কারণে এ বছর একটু ব্যতিক্রমভাবে বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এর পরেও নগরীর বিভিন্ন এতিমখানায় দুই হাজার এতিমের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি গ্রামের বাড়িতেও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে। সেখানে কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর মারা যান তিনি।
রাজনীতিতে কোনো দলে নাম না লেখানো আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।
