মেসিকে হলুদ কার্ড: বুক ভরা কষ্ট নিয়ে যা বললেন রেফারি

স্পোর্টস আপডেট ডেস্ক- এই জার্সি পরে তিন বছর খেলেছেন দিয়াগো ম্যারাডোনা। ৩৬ ম্যাচে গোল আছে ২২টি। সেই ক্লাবের প্রাণভোমরা তারই স্বদেশী লিওনেল মেসি। আর তাইতো বার্সেলোনার এমন স্মরণ ফুটবল লিজেন্ডকে। এতো গেল বার্সেলোনা-ওসাসুনা ম্যাচের আগে।

 

ম্যাচের মধ্যে সাতাশ বছর আগের স্মৃতি ফিরে এল। সেটি ফেরালেন লিওনেল মেসি। প্রয়াত কিংবদন্তি এবং তার প্রাক্তন গুরু দিয়াগো ম্যারাডোনাকে গোল করে শ্রদ্ধা জানিয়ে। বার্সার জার্সির ভেতরে ছোটবেলার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের ‘১০’ নম্বর জার্সি পরেই নেমেছিলেন মেসি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যে ক্লাবে খেলেছেন ম্যারাডোনা নিজেও।

 

ম্যাচের ৭৩ মিনিটে ওসাসুনার তিন ডিফেন্ডারকে হেলায় পরাস্ত করে বক্সের উপর থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। তার পরেই বার্সেলোনার জার্সি খুলে ফেলেন শরীর থেকে, বেরিয়ে পড়ে ছোটবেলার ক্লাবের সেই স্মৃতিবিজড়িত জার্সি। দু’হাত আকাশের দিকে তুলে তাকিয়ে থাকেন কিছুক্ষণ।

 

কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি। তিনি সঙ্গে সঙ্গে বার্সা অধিনায়ককে হলুদ কার্ড দেখান। মেসির অবশ্য তাতে কিছু এসে যায়নি। ‘নাম্বার টেন’কে এভাবেই গোলের অঞ্জলি দিতে চেয়েছিলেন ‘এলএম ১০’। সেই ইচ্ছাপূরণ তো হলো।

 

তবে এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি ম্যাথিউ। তিনি নিজেই এখন চান, ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়। ম্যাচ শেষে ফিফা’র কাছে হলুদ কার্ড প্রত্যাহারের আবেদন জানিয়েছেন রেফারি নিজেই।

 

ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে। ম্যাচটি কাতালানরা জেতে ৪-০ গোলে। দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোলটি করে তা প্রয়াত ম্যারাডোনাক উৎসর্গ করার জন্য বার্সার জার্সি খুলে ভেতরে থাকা ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রিয় গুরুকে গোল উৎসর্গ করতে গিয়ে বার্সার জার্সি খোলায় নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে।

 

তবে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ অনুশোচনায় পুড়ছেন মেসিকে হলুদ কার্ড দেখানোর পর থেকে। তিনি আশা প্রকাশ করেন, মেসির সেই হলুদ কার্ড প্রত্যাহার করে নেবে ফিফা।

 

রেফারি ম্যাতিউ বলেন, “আমি যখন হলুদ কার্ডটি বের করার জন্য পকেটে হাত দিয়েছি, আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। আমার মনে হয় ফিফার এই নিয়মটার (জার্সি খুললে হলুদ কার্ড) ব্যতিক্রম নিয়ম তৈরি করা উচিত। যখন কেউ কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন (ব্ল্যাক লাইভস মেটার) সমর্থন করে কিংবা কেউ কোনও কিংবদন্তিকে সম্মান জানায়, তখন ফিফার উচিৎ এটি ক্ষমা করে দেওয়া। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। নিয়ম ভঙ্গ করায় হৃদয়ভাঙা কষ্ট নিয়েই আমি কার্ডটি দেখাতে বাধ্য হয়েছি। ম্যারাডোনা একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। আমি আশা করব লা লিগা অথবা ফিফা মেসির এই হলুদ কার্ডটি প্রত্যাহার করে নেবে।”

 

এসময় রেফারি মেসির সমর্থকদের প্রতি কার্ড দেখানোর এই বিষয়টি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে না দেখার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *